খড়গপুরে নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় SBSTC বাস কন্ডাক্টরের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ
Sujit Kumar
দুর্গাপুর : বুধবার সকালে খড়গপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) এক বাস কন্ডাক্টরের। মৃতের নাম সৈকত প্রামাণিক (৩০)। তিনি দীঘা থেকে দুর্গাপুরগামী SBSTC বাসের কন্ডাক্টর ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খড়গপুরে বাসটি দাঁড়িয়ে ছিল। সেই সময় বাসটি পিছনে করার সময় একটি নিয়ন্ত্রণহীন লরি কন্ডাক্টর সৈকত প্রামাণিককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে অবস্থিত SBSTC ডিপো কার্যালয়ে পৌঁছে ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের স্থায়ী চাকরির দাবিতে সরব হন। এই দাবিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকাদারের তীব্র বচসা হয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় মজদুর সংঘের (BMS) জেলা সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি মৃতের পরিবারের দাবিগুলি নিয়ে ঠিকাদারের সঙ্গে আলোচনা করেন।

আলোচনার পর ১৫ লক্ষ টাকার চেক, পরিবারের একজন সদস্যকে অস্থায়ী চাকরি এবং শেষকৃত্যের জন্য ৬০ হাজার টাকা নগদ দেওয়ার কথা জানানো হয়।
তবে পরিবারের স্থায়ী চাকরির দাবি এবং ক্ষতিপূরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।
What's Your Reaction?