শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহামহোৎসব মহাসমারোহে সম্পন্ন

শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহামহোৎসব মহাসমারোহে সম্পন্ন

দুর্গাপুরে চার দিনব্যাপী অনুষ্ঠানে সমবেত হাজার হাজার ভক্ত

দুর্গাপুর: দুর্গাপুর স্টিল টাউনশিপের শ্রীচৈতন্য এভিনিউয়ে অবস্থিত শ্রীকৃতিরত্ন গৌড়ীয় মঠে পরমারাধ্যতম ১০৮ শ্রীমদ্ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহামহোৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হলো। গত ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহামহোৎসব উপলক্ষে মঠ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শ্রীমহাজন পদাবলী কীর্তন, ইস্পাতনগরীতে নগর সংকীর্তন, দেশের বিভিন্ন মঠ থেকে আগত পরমপূজ্যপাদ সন্ন্যাসীদের আধ্যাত্মিক বক্তব্য, শ্রীবিগ্রহের বিশেষ নিত্যসেবা ও পূজা। প্রতিদিনের অনুষ্ঠান শেষে ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়।

মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও মহামহোৎসবকে কেন্দ্র করে প্রায় দেড় বছর ধরে মঠের সন্ন্যাসীবৃন্দ সারা ভারতবর্ষে প্রচার ও জনসংযোগ কর্মসূচি চালিয়ে আসছিলেন। সেই প্রচেষ্টার ফলস্বরূপ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধু, সন্ন্যাসী ও ভক্ত এই মহোৎসবে যোগ দেন।

অনুষ্ঠানের শেষ দিন, ২৫ সেপ্টেম্বর, তীব্র প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় আট হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে মঠ প্রাঙ্গণে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

এই মহামহোৎসবকে সফল করে তুলতে শ্রীভক্তিবেদান্ত তীর্থ মহারাজ, জিতেন্দ্রিয় মহারাজ, অর্জুন প্রভু, রাধাকান্ত প্রভু, সদাশিব প্রভু-সহ মঠের সন্ন্যাসী ও ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের সম্মিলিত উদ্যোগে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও মহামহোৎসবের অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

What's Your Reaction?

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0