গান্ধীজীকে যথাযোগ্য সন্মান দেয়নি ডিএসপি কর্তৃপক্ষ,প্রতিবাদে সোচ্চার আইএনটিইউসি
দুর্গাপুরঃ প্রতি বছর ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁর প্রতি সম্মান জানাতে একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করে থাকে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ। কিন্তু,এবছর ডিএসপি কর্তৃপক্ষ এক অজ্ঞাত কারনে সেই অনুষ্ঠান বাতিল করায় বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়ছে। মঙ্গলবার সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্গাপুর স্টিল প্লান্টের মুখ্য প্রশাসনিক ভবন ‘ইস্পাত ভবনের’ সামনে ‘আইএনটিইউসি’ অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন’র সদস্যরা অবস্থান বিক্ষোভ করেন।

জাতির জনককে ডিএসপি কর্তৃপক্ষের যথাযোগ্যভাবে সন্মান প্রদর্শন না করার প্রতিবাদেই এই বিক্ষোভ। এদিন ‘আইএনটিইউসি’ নেতা কর্মীরা ডিএসপি মেইন গেট থেকে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি,কালো পতাকা ও কালো ব্যাজ পড়ে মিছিল করে এসে ইস্পাত ভবনের গেটের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন,“প্রতি বছর গান্ধীজীর জন্মদিনে ডিএসপি ম্যানেজমেন্ট সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করতেন এ-জোন স্টিল ক্লাবে। সেখানে সব ইউনিয়ন সহ সমাজের সর্বস্তরের মানুষ থাকতেন।

ডিআইসি (ডিএসপি ও ইস্কো) সহ ম্যানেজমেন্টের পদস্থ আধিকারিকরাও থাকতেন। কিন্তু,এই বছর কোনো এক অজ্ঞাত কারণে সেই অনুষ্ঠান না করে জাতির জনককে অপমান করা হয়েছে। আমরা তারই প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ সভার করেছি”। উল্লেখ্য, দুর্গাপুরের প্রবীন কংগ্রেস শিক্ষাবিদ ও সমাজসেবী সুদেব রায়ের উদ্যোগে দুর্গাপুরের গান্ধী মোড়ে প্রতি বছর এক অনুষ্ঠানে জাতির জনককে মর্যাদার সঙ্গে শ্রদ্ধা জানানো হয়।

সেখানে ডিএসপির পদস্থ আধিকারিকরা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থাকেন। এবছরও সেই অনুষ্ঠান হলেও সেখানেও ডিএসপির ইডি-রা কেউ উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন রজতবাবু। তিনি জানান, “মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সুদেব রায় নিজে গিয়ে ডিআইসি সহ সমস্ত ইডি-দের আমন্ত্রণ পত্র দিয়ে এসেছিলেন। কিন্তু তাঁরা কেউই গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে আসার প্রয়োজন বোধ মনে করেন নি”। এদিনের প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,সহসভাপতি রাণা সরকার,যুগ্ম সম্পাদক রীপা দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
What's Your Reaction?